রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন—মো. জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো. সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো. তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন সহকর্মীরা।
কালবেলার মাল্টিমিডিয়া সাংবাদিক আব্দুর রহমান ঈষান বলেন, ‘আজ রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন ভিডিও ধারণ করা হচ্ছিল। এ সময় আমাদের ওপর অতর্কিত হামলা হয়। এতে তিন সাংবাদিক আহত হয়। পরে পথচারীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে তিন সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। এর মধ্যে জহিরুল ইসলামকে ভর্তি করা হয়েছে। বাকি দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে।
এদিকে ডাকসু নেতা এবি জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় হামলার শিকার হয়েছে উপস্থিত সাংবাদিকরা। হামলাকারীরা নিজেদেরকে ঢাবি শিক্ষার্থী পরিচয় দিয়েছে। অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’