কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদি মারা গেছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, আলাউদ্দিনের বাবার নাম মজিদ মোল্লা। তাঁর কয়েদি নম্বর- ৩১/এ। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।