রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই)। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।
আজ বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করলে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে চারজনকে আটক করে পুলিশ।