চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। আজ রোববার সকালে বিজয়নগরের শ্রম ভবনের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিকেরা।
শ্রমিকদের চার দাবির মধ্যে রয়েছে—ফিল্ড টেকনিশিয়ান পদকে বিএটিবির স্থায়ী ও মূল কাজের অংশ হিসেবে স্বীকৃতি, দীর্ঘদিন ধরে কর্মরত ফিল্ড টেকনিশিয়ানদের স্থায়ী নিয়োগ, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রতিকার ও দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থার হস্তক্ষেপ।
মানববন্ধনে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম বলেন, তাঁরা ২০১০ সাল থেকে কোম্পানির তামাক চাষ, চাষিদের সঙ্গে চুক্তি, বীজ ও সার বিতরণ, তামাক উৎপাদন ও সংগ্রহসহ বছরব্যাপী বিভিন্ন কাজ করে আসছেন। অথচ স্থায়ীভাবে কাজ করেও তাঁদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে কাজ করিয়ে শ্রমিকদের ন্যায্য সুযোগ-সুবিধা, লভ্যাংশ ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলনরত শ্রমিকদের মামলা ও বদলিসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিকের কাছে স্মারকলিপি দেয়। এরপর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বরাবরও স্মারকলিপি দেওয়া হয়।