হোম > সারা দেশ > ঢাকা

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে- শুনানিতে লতিফ সিদ্দিকী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আব্দুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি

‘আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে’- সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় হাজিরা দিতে এসে সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকী এ কথা বলেছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানির এক পর্যায়ে তিনি এ কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) “মঞ্চ ’৭১” সংগঠনের গোলটেবিল আলোচনা নিয়ে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আদালত আগামী ২৪ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। লতিফ সিদ্দিকীসহ এ মামলার অন্যান্য আসামিরা হাজিরা দেন।

গত বছর ১৬ নভেম্বর লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। ওই আবেদনের ওপর আজ শুনানি হয়। শুনানি শেষে আদালত আসামি লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ করে সেই আবেদন মঞ্জুর করেন। এ সময় বিচারকের উদ্দেশ্যে লতিফ সিদ্দিকী বলেন, ‘এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। ৬ মাস আগে এই মামলায় ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজ এই আদেশ দিলেন। আমি আদালতে আসব, হাজিরা দেব। আমার আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।’

এ সময় বিচারক বলেন, ‘সেটি আপনার ইচ্ছে। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে।’

এ বিষয়ে লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী বলেছেন, লতিফ সিদ্দিকী বয়স্ক হওয়ায় এই মামলায় তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছেন। তবে লতিফ সিদ্দিকী আদালতকে বলেছেন, তিনি সশরীরে আদালতে এসে হাজিরা দেবেন।

এই মামলায় হাইকোর্ট লতিফ সিদ্দিকীকে জামিন দেন। গত বছরের ১২ নভেম্বর তিনি কারামুক্ত হন। এর আগে গত বছরের ২৯ আগস্ট তাঁকেসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন, গত বছরের ২৮ আগস্ট দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) “মঞ্চ ’৭১” নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠকে বাধা দেন ‘জুলাই আন্দোলন’-এ সম্পৃক্ত দাবি করা কিছু ব্যক্তি। এ সময় লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৬ জনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রাতে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

মামলায় বলা হয়, ২৮ আগস্ট বেলা ১১টার দিকে মামলার বাদী দেখতে পান, বেশ কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং আবদুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে গত ৫ আগস্ট “মঞ্চ ’৭১” নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গোলটেবিল বৈঠকে গ্রেপ্তার হওয়া আসামিরাসহ আরও ৭০-৮০ জন অংশ নেন। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লতিফ সিদ্দিকী “মঞ্চ ’৭১”-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে তৎকালীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দিচ্ছিলেন।

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

চাঁদা না পেয়ে এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন ধরাল দুর্বৃত্তরা

সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ

দফায় দফায় গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানবাধিকার পরিষদের ক্ষোভ

শান্ত সাভার, উৎপাদন বন্ধ আশুলিয়ার শতাধিক কারখানায়

বাসায় ঝগড়া, কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেল সহোদর বড় ভাইয়ের

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি