হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে আবার বিএনপি নেতাকে গুলি, মাথা-পেটসহ ৩ অংশে বিদ্ধ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে আলমগীর নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলিবিদ্ধ হয়েছেন। আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক পথচারী নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

আলমগীরের চাচা মো. আশিক জানান, আলমগীরের বাসা মিরপুর সেকশন ১১-এর ৩ নম্বর রোডে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বিএনপির সদস্য। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।

আশিক আরও জানান, বিকেলে মিল্লাত ক্যাম্পের সামনে প্রাইভেট কারে চারজন ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের ছোড়া গুলি আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে বিদ্ধ হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

স্বজনদের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ ও হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন তাঁরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আলমগীর নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। তিনি মাথাসহ কয়েক অংশে গুলিবিদ্ধ হয়েছেন।