রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে ১২ মামলার আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান (৩০) এবং বছিলা রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের প্রধান মো. লিমন ওরফে রিমনসহ (২০) ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় এঁদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ও বছিলা রোডসংলগ্ন তিন রাস্তা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বছিলা রোডসংলগ্ন তিন রাস্তা এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির প্রধান লিমন ওরফে রিমন, মো. ইমন (২২), মো. রুবেল (২৬), আকাশ আরাফাত ছাইফ (২২) ও মো. সোহেল ফরাজীকে (২০) গ্রেপ্তার করা হয়। এঁদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, এই গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।