হোম > সারা দেশ > ঢাকা

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লালবাগ থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। ছবি: ডিএমপি

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৯ নভেম্বর) রাতে লালবাগ থানা-পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

গ্রেপ্তাররা হলেন মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)। দিপু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি এবং ফারুক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১১টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।