নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ ও নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার রাজধানীর স্বামীবাগ ও ওয়ারী এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি ভবন থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দু’টি ভবনের অবৈধ অংশ অপসারণ করা হয়েছে।
রাজউক সূত্রে জানা যায়, স্বামীবাগ ও ওয়ারী এলাকার আওতাধীন বিভিন্ন সড়কে রাজউকের অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৫টি ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এর মধ্যে রাজউকের নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের সত্যতা পাওয়ায় ৩টি ইমারতের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি আইন অমান্য করায় একটি ইমারত থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া নকশা বহির্ভূত অংশ থাকায় দুটি ইমারতের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া রাজউকের অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অপরিকল্পিত ও ইমারত নির্মাণ বিধিমালা বহির্ভূতভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে রাজউকের এ ধরনের অভিযান নিয়মিত কাজের অংশ। এমন অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।’