হোম > সারা দেশ > ঢাকা

পিএসসি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করলেন সচিব

আজকের পত্রিকা ডেস্ক­

২০ আগস্ট বিপিএসসি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন কমিশনের সচিব মো. ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান বিপিএসসি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি শিশুদের জন্য খাবার প্রস্তুতের স্থান সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

গত ২০ আগস্ট সংস্থাটির সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সুবিধার্থে পরিচালিত এই দিবাযত্ন কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সচিব কেন্দ্রটিতে অবস্থানরত শিশুদের দৈনন্দিন কার্যক্রম, খাবারের মান, শিক্ষা ও বিনোদনসহ বিভিন্ন ব্যবস্থার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।

পরিদর্শনের সময় দিবাযত্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সচিবকে জানান, শিশুদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী খাবার প্রস্তুত করতে একটি নির্দিষ্ট স্থানের সংকট তৈরি হয়েছে। সমস্যার বিস্তারিত শোনার পর সচিব মো. ফজলুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ক্যান্টিনের পাশে একটি কক্ষ শিশু দিবাযত্ন কেন্দ্রের খাবার তৈরির কাজে বরাদ্দের জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন।

দিবাযত্ন কেন্দ্রের বর্তমান চিত্রমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় এই কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। ২০২২ সালের ২২ মার্চ বিপিএসসি ভবনে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে এই কেন্দ্রে ১ বছর থেকে সাড়ে ৫ বছর বয়সী প্রায় ৬০ জন শিশু রয়েছে।

কর্মজীবী অভিভাবকেরা প্রতিদিন সকাল ৮টায় তাদের শিশুদের এখানে রেখে যান এবং বিকেল সাড়ে ৪টায় কাজ শেষে বাড়ি নিয়ে যান। কেন্দ্রটিতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে নিয়মিত ইয়োগা, খেলাধুলা, টেলিভিশন দেখা ও প্রাথমিক পড়াশোনার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া প্রতিদিন সকালে নাশতা, দুপুরে পুষ্টিকর খাবার এবং বিকেলে হালকা খাবারের ব্যবস্থা রয়েছে।

পরিদর্শনকালে বিপিএসসি সচিবালয়ের যুগ্মসচিব, উপসচিবসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।