হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ছাড়া দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে গেন্ডারিয়া এলাকার নামাপাড়া ও ডিস্টিলারি রোডের মুরগিটোলা এলাকায় এসব অভিযান চালানো হয়। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১০।

এসআরবি-১০-এর পাঠানো বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নামাপাড়া এলাকায় রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে সেলিম মাদবর (৩৫) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৮টি ইয়াবা ও ১৭৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ২ হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগে রাত ১০টার দিকে ডিস্টিলারি রোডের মুরগিটোলা এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন রশিদ (১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১২৫টি ইয়াবা, ১ হাজার ৫৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া নামাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ মো. আফজাল হোসেন (১৮) এবং একটি দেশীয় অস্ত্রসহ মনির হোসেন (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয় বলে জানায় এসআরবি।

এসআরবি-১০ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার জন্য উদ্ধার করা মাদক-অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে।