ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
ধানমন্ডি থানা দায়ের করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. সুজন হক ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। সাঈদ খোকনের পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৭ নভেম্বর সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে গত ২৪ নভেম্বর তাঁকে ফের ৫ পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর একটি দল।
গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়। এরপর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়।
যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। এদিন বিকেলের দিকে গুলিবিদ্ধ হয় মোতালিব। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য সুকৌশলে এড়িয়ে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার এবং মামলার মোড় ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এ ছাড়া এজাহারনামীয় পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থানের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গেছেন বলে উল্লেখ করা হয়।
আবেদনে আরও দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মামলার তদন্তের স্বার্থে এবং তাঁর দেওয়া তথ্যের সত্যতা নিরূপণের জন্য আবারও ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনিসহ তাঁর পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।