হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় গোলাগুলি: উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন-গোলাবারুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গেন্ডারিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে গোলাগুলি ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার গেন্ডারিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে গোলাগুলি ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল, ১২টি গুলি, তিনটি ম্যাগাজিন, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদ হিসেবে শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান র‍্যাব-১০ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান এ তথ্য জানান।

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এই ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩০ আগস্ট গেন্ডারিয়া থানার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পথচারী আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) এবং চা-দোকানি আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে আশা আক্তারের ডান পায়ে, সিয়ামের বুকের বাম পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। ঘটনার পর র্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজানকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ব্রিফিংয়ে আরও জানানো হয়, বুধবার (৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিমকে (১৮) গ্রেপ্তার করা হয়।

র্যাবের দাবি, শাবাবের কাছ থেকে ১২টি গুলি, তিনটি ম্যাগাজিনসহ বিদেশি দুটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিন ও ১২টি গুলির মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদ হিসেবে শনাক্ত হয়েছে।

গ্রেপ্তার শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্ধার অস্ত্র, মাদক ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব।