রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে আজ বুধবার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হলেও মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাগুলোতে পুলিশকে সতর্ক অবস্থানে ও দায়িত্ব পালন করতে দেখা গেছে। বেলা ১১টায় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়। মিরপুর-১০ নম্বর গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদেরও অবস্থান করছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মিরপুর-১১ এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে নামেননি। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে সকাল ৯টায় মিরপুর-১৩ সেকশনে প্রিন্স বাজারের বিপরীত পাশে ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।