হোম > সারা দেশ > ঢাকা

জাবির প্রধান ফটকে তালা দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

জাবি প্রতিনিধি

সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দেন। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে (ডেইরি গেট) গভীর রাতে তালা ঝুলিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, ১০ নভেম্বর তাদের ডাকা ধর্মঘট কর্মসূচীর অংশ হিসেবে তারা এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, ‘গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে হঠাৎ করে ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।’

তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানাই। তখন পুলিশ টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।’

সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দেন। ছবি: সংগৃহীত

প্রক্টর আরও বলেন, ‘ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশকে আরও তৎপরতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।’