হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি আবুল কালাম আজাদ আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আলেক খান নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

এদিন মামলার শুনানির জন্য আবুল কালাম আজাদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহনেওয়াজ গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন আলেক খান। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসা শেষে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আবুল কালাম আজাদ ঘটনার সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

২০২৪ সালের ২ অক্টোবর সাবেক এমপি আবুল কালাম আজাদকে ঢাকায় গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব (বর্তমান এসআরবি)। এরপরে তাঁকে রাজশাহীর বাগপাড়া থানার বিভিন্ন মামলায় ও তার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।