বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭ তম জাতীয় কাউন্সিলে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে শাহরিয়ার খন্দকার আলিফকে সভাপতি এবং তৈয়ব ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে নবগঠিত কমিটি।
দুই দিনব্যাপী কাউন্সিলের অধিবেশন শেষে আজ বৃহস্পতিবার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনটির ১৭ তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন হয়।
নতুন কমিটিতে সোমা ডুমরী সাংগঠনিক সম্পাদক, জশদ জাকির সহসভাপতি এবং সরফরাজ সানোয়ার সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনটির ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে একটি সহসভাপতি ও একটি সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে।
কাউন্সিলের উদ্বোধনী সমাবেশে সংগঠনটির এবারের প্রতিপাদ্য ছিল—‘শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ হও; সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশীয় দালালদের উৎখাত করো!’ উদ্বোধনী সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
কাউন্সিল অধিবেশনে শোকপ্রস্তাব গ্রহণের পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় ও শাখাগুলোর রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
নবনির্বাচিত কমিটির নেতারা জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থা নির্মাণের লক্ষ্যে সংগঠনের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে নবগঠিত কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।