হোম > সারা দেশ > ঢাকা

এবার হত্যা মামলায় গ্রেপ্তার ও ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জুলাই আন্দোলনে একজন নিহতের ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

চব্বিশের জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার ও ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।এর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার আইনের মামলায় তিন দফা ১৪ দিনের রিমান্ডে শেষে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রিমান্ডে পাওয়া হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও অজ্ঞাত সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনাস্থলে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে প্রথমে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৬ এপ্রিল নিহতের স্ত্রী মোসাম্মাৎ লিজা আক্তার এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত কালে দেলোয়ার হোসেন হত্যা মামলার ঘটনার সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরী জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় অন্য যারা সম্পৃক্ত তাদেরও শনাক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৯ মার্চ একই মামলায় তাঁকে দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ২৪ মার্চ তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

আদালতে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম, আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯ জন

সায়েদাবাদ ও টিকাটুলীতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএমপির

মালয়েশিয়া পাচারকালে বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে

ছাত্রলীগ নেত্রী রিভার জামিন

আন্তরিকতার অভাবেই সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না: সভায় বক্তারা

হাইকোর্ট চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের রিমান্ডে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট