হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জের ফতুল্লা: স্টেডিয়ামের টাওয়ারের নাটবল্টু উধাও

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ 

নাটবল্টু ছাড়াই ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ফতুল্লার ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ার। ছবিটি সম্প্রতি তোলা। আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জানা যায়, ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে ফতুল্লা স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হয়। সে সময় গ্যালারি সম্প্রসারণ, আধুনিক প্রেসবক্স, ড্রেসিংরুম নির্মাণ এবং চারটি ফ্লাডলাইট টাওয়ার স্থাপন করা হয়। সবশেষ ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামে। এরপরই ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে স্টেডিয়ামটি।

সরেজমিন দেখা যায়, চারটি ফ্লাডলাইট টাওয়ারের একটিতে দুটি পায়া থেকে খুলে ফেলা হয়েছে সব নাটবল্টু ও প্লেট। ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা টাওয়ারের বাকি দুটি পায়া থেকেও যে নাটবল্টু সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তা বোঝা যায় ভারী আঘাতের চিহ্ন দেখে। সুযোগ পেলে সেগুলোও সরিয়ে ফেলা হবে। টাওয়ারের নাটবল্টু ও প্লেট সরিয়ে নেওয়ার ফলে ঝড় কিংবা ভূমিকম্পে পড়ে যেতে পারে টাওয়ারটি। আর এতে পাশে থাকা রাস্তা ও বহুতল আবাসিক ভবন হতে পারে ক্ষতিগ্রস্ত।

জানতে চাইলে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নূরজামাল হাসান বলেন, ‘আমরা সাবেক বিসিবি প্রেসিডেন্টের কাছে এই স্টেডিয়ামটি সংস্কারের কথা বলেছিলাম। কিন্তু তখন সংস্কারের কোনো উদ্যোগ নেননি তিনি। নতুন প্রেসিডেন্ট এদিকে মনোযোগ দেবেন বলে আশা করি। বিগত সময়ে বিপুল অর্থ সংস্কারের নামে ব্যয় করলেও সেখানে লুটপাট হয়েছে। আমরা চাই নতুন করে এই স্টেডিয়ামটি সংস্কার ও ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। বিসিবি বা ক্রীড়া মন্ত্রণালয় এগিয়ে এলে এ ধরনের পার্টস লোপাট কমে আসবে।’

জেলা ক্রীড়া কর্মকর্তা সাথী আক্তার বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ঝুঁকির বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হবে। আশা করি, জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও

বেকারত্ব ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশা, বনশ্রীতে পাকিস্তানি যুবকের ‘আত্মহত্যা’

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার