রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে বাস দুটির বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিষয়টি সত্যতা নিশ্চিত করে পল্লবী থানা পুলিশ।
আগুনে বিকল্প পরিবহনের বাসটির আসন, কাচ ও বডির পুরো অংশ পুড়ে গেছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহনের বাসটির ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, ফুলকলি মোড়ে সড়কের ওপর পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাস ও অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।