হোম > সারা দেশ > ঢাকা

সাভার ও আশুলিয়ায় ৮০ কারখানায় উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার

ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে পোশাক কারখানার উৎপাদনে। আজ শনিবার অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে এসব কারখানার বাইরে শিল্পাঞ্চলের অন্য কারখানাগুলোয় উৎপাদন স্বাভাবিক ছিল।

এদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সকালে শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের শ্রমিকদের প্রতিদিন সকাল সাতটার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ শনিবার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করে কারখানা থেকে বের হয়ে যান। ওই দুই কারখানার শ্রমিকেরা বের হয়ে যাওয়ার পর আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও কাজ না করে কর্মস্থল ত্যাগ করেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কারখানাগুলোয় শনিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও কারখানা মালিকদের সূত্রে জানা গেছে, শনিবার যেসব কারখানায় উৎপাদন বন্ধ ছিল অথবা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেগুলো ছাড়া সাভার ও আশুলিয়ার অন্য সব পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। এসব কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে অংশ নেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার অন্তত ৮০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে ১১টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া সাভার ও আশুলিয়ার বাকি সব পোশাক কারখানা চালু ছিল। সেসব কারখানার শ্রমিকেরা যথারীতি কাজ করেছেন।