হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহবাগ এলাকায় আবারও ২ মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীতে পৃথক স্থান থেকে দুই ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক (৬০) ও (৭০) বছর। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, প্রথম ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে। শাহবাগ এলাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরটি বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে একটি মরদেহ ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বয়স হবে আনুমানিক (৬০) ও (৭০) বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

পরিদর্শক হাবিবুর রহমান আরও জানান, ধারণা করা হচ্ছে—অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে। তাঁরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই অবস্থান করছিলেন। তাঁদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। পুলিশের ভাষ্য অনুযায়ী দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। এ দিন দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।

এরও আগে গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকার পৃথক জায়গা থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয় তাঁরা সবাই ভবঘুরে প্রকৃতির ছিলেন।

এ দিন শাহবাগ থানা এলাকার ঢামেক হাসপাতালের পাশ থেকে ৩০ বছর বয়সী এক নারী এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল। তিনি জানান, তাঁরা দুজনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।