রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বাড্ডার মোটরসাইকেল চালক হাসান (৩০) ও ডেমরায় অজ্ঞাত (২৫) বছরের এক নারী।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে যানবাহনের ধাক্কায় আহত হয় অজ্ঞাত পরিচয়ের এক নারী। খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ভোর সারে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ডেমরা এলাকায় ঘোরাফেরা করতেন। ভোরে কোনো এক যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন। তবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
এর আগে সোমবার (৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউলুপের সামনে মোটরসাইকেল চালক হাসান আহত অবস্থায় পড়েছিলেন। ধারণা করা হচ্ছে কোনো এক যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। স্বজনরা খবর পেয়ে সেখান থেকে হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে হাসানের বাবা মো. মুন্না জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে। বর্তমানে বাড্ডা এলাকায় বসবাস করেন। হাসান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে মধ্য বাড্ডায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় তিনি আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা-পুলিশ তদন্ত করছে।