হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বাড়িতে ২৫০টি গ্যাস সিলিন্ডার মজুত, জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার। এ সময় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে মেসার্স লিজা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইলিয়াসের বাড়ির ভেতর থেকে পেট্রোম্যাক্স এলপিজি ব্র্যান্ডের ১২ কেজি ওজনের ২৫০টি রিফিল করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। ইলিয়াস রোহিতপুর বাজারের লাইসেন্সপ্রাপ্ত এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার। তাঁর বাজারে বৈধ গুদাম থাকা সত্ত্বেও বাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রেখেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার জানান, অবৈধভাবে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রির উদ্দেশে এসব সিলিন্ডার বাড়িতে রাখা হয়েছিল। পরে মোহাম্মদ ইলিয়াসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।