রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর এলাকা থেকে ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ২৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৮৭, তেজগাঁওয়ে ৬৭, মিরপুরে ১১৪, গুলশানে ৩৩, উত্তরা বিভাগে ৫০, গোয়েন্দা বিভাগে ৮ এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন। এদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন সেট, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা, একটি কাটার, ৭ হাজার ৬৯৯টি ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।