একদিকে চলছে মাঠ দখল করে পুলিশি প্রহরায় থানার নির্মাণকাজ। অন্যদিকে সেই নির্মাণকাজের জন্য পাশে জমিয়ে রাখা বালু দিয়ে খেলছে শিশুরা। আজ বুধবার এ দৃশ্যের দেখা মিলেছে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে।
তেঁতুলতলা মাঠে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পুলিশের প্রহরায় থানা নির্মাণের উদ্দেশে মাঠের চারপাশে দেয়াল তোলার কাজ করে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকেরা। এ সময় আশপাশে স্থানীয় কয়েকজন এলাকাবাসীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এদিকে মাঠে খেলতে আসা শিশুরা মাঠে খেলার জায়গা না পেয়ে মাঠের পাশেই রাস্তার ওপর রাখা নির্মাণকাজের বালুর স্তূপে ওঠেই আপন মনে খেলতে শুরু করে।
খেলতে আসা শিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনই এ মাঠে খেলতে আসে তারা। এ মাঠে থানা নির্মাণের সিদ্ধান্ত হওয়ার পর থেকে তারা আর মাঠে খেলতে পারছে না।
এর আগে গত ফেব্রুয়ারিতে মাঠে খেলার অপরাধে শিশুদের কান ধরে ওঠবস করিয়ে সমালোচিত হয়েছিল পুলিশ। সে ঘটনায় সারা দেশে সমালোচনা শুরু হলে কলাবাগান থানার চার জন্য পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
এর আগে এলাকাবাসীর প্রতিবাদের মুখে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব ধরনের নিয়ম মেনেই ধানমন্ডি মৌজার শূন্য দশমিক ২০ একর (২০ শতাংশ) ওই জমি থানার জন্য অধিগ্রহণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে সরকার ডিএমপির কলাবাগান থানা ভবন নির্মাণের জন্য দেশের প্রচলিত সকল আইন কানুন মেনে ওই জায়গা বরাদ্দ দিয়েছে। এ ক্ষেত্রে ডিএমপি কোনো ব্যক্তির বা সংস্থার জমিতে বেআইনিভাবে থানা ভবন নির্মাণ করছে না।