হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণাধীন ভবনের পাশে খেলছিল শিশুরা, দেয়াল ধসে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর ভাটারার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মাহিদ ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে খিলবাড়ীরটেকের হাজারী গলি এলাকায় নূরনবী মুদিখানা দোকানের পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিদের বাবা হাবিব হোসেন জানান, তাঁদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। বর্তমানে তাঁরা খিলবাড়ীরটেকের হাজারী গলির একটি বাসায় ভাড়া থাকেন। তিনি পেশায় প্রাইভেট কার চালক। মাহিদের মা মৌসুমী আক্তার গৃহিণী। মাহিদ ছিল তাঁদের একমাত্র সন্তান।

হাবিব হোসেন বলেন, তাঁদের বাসার পাশেই একটি ভবনের নির্মাণকাজ চলছিল। সেখানে নতুন দেয়াল নির্মাণ করা হচ্ছিল। বিকেলে মাহিদ গলিতে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। এ সময় হঠাৎ নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।