হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে গণডাকাতি, লুটপাট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে যানবাহন আটকে গণডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে রামেরকান্দা-কলাতিয়া সড়কের আকসাইল ডেঙ্গারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতেরা ১৫ থেকে ২০টি মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাত দল সড়কের ওপর কলাগাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে একটি বিদেশি যাত্রীবাহী প্রাইভেট কার, কয়েকটি পিকআপ ও ট্রাকসহ একাধিক যানবাহনে হামলা চালায় তারা। যাত্রী ও চালকদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা।

প্রত্যক্ষদর্শী আশিক জানান, রাত ২টার দিকে বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বেলনা গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। আকসাইল ডেঙ্গার মোড়ে পৌঁছে কয়েকটি প্রাইভেট কার, পিকআপ ও ট্রাক থামিয়ে ডাকাতি করতে দেখেন।

আশিক আরও জানান, কিছুটা দূরে থাকায় গাড়ি ঘুরিয়ে কোনো রকমে সেখান থেকে চলে যান তিনি। ডাকাতেরা অনেকের কাছ থেকেই টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান তিনি।

ডাকাতির শিকার রোহিতপুর এলাকার এক ট্রাকচালক অভিযোগ করেন, আকসাইল ব্রিজের কাছেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। রাস্তায় কোনো সমস্যা নেই বলে পুলিশ তাঁকে আশ্বস্ত করেছিল। কিছু দূর যাওয়ার পর ডাকাতদের কবলে পড়ে তাঁর সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকা খোয়াতে হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ডাকাতির বিষয়টি তাঁর জানা নেই। আগের রাতে ফ্যাসিস্টদের নিয়ে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় ঘটনাটি তাঁর কাছে পৌঁছায়নি বলে ধারণা করছেন তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতের সড়কে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, শীত এলেই ডাকাতি বেড়ে যায়। প্রশাসনকে আরও সজাগ থাকার দাবি জানিয়েছেন তাঁরা।