পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা (৫৬) এবং তাঁর দুই শ্যালককে রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে শায়লাকে ৫ দিন ও দুজনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
রিমান্ডে যাওয়া অন্য দুজনের নাম মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। তিনি জানান, রোববার সন্ধ্যায় তিনজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত শায়লাকে ৫ ও অন্য দুজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এর আগে গত শনিবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং রাস্তার ওপর ফ্লাইওভার থেকে চলন্ত মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা মো. ইউসুফ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দীন ও মো. আনিছুর রহমান নামে চারজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরো জব্দ করে। এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার হওয়া শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন।
আবেদনে আরও বলা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য তারা লোকজন একত্র করাসহ অর্থের জোগান দিয়ে আসছেন বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে অন্যান্য আসামিকে ঘটনাস্থলে একত্র করার ষড়যন্ত্র করছিলেন বলেও প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার ও তাদের শনাক্তকরণ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নাম-ঠিকানা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।