চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
ডনের পক্ষে তাঁর আইনজীবী সফিউল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তিনি আবেদনে বলেন, এই মামলাটি বিভিন্ন সময়ে বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন যে, সালমান শাহ আত্মহত্যা করেছেন। অথচ দীর্ঘদিন পর ডনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ডন এই ঘটনায় জড়িত এই মর্মে এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তিনি অসুস্থ এবং বিভিন্ন রোগে ভুগছেন। এ ছাড়া তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্থায়ী ঠিকানা রয়েছে। তাঁকে জামিন দেওয়া হলে তিনি পালাবেন না। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ আগস্ট এই মামলায় ডনকে কারাগারে পাঠানো হয়। এর আগে ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬ টার দিকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। তিনি ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। খবর পেয়ে সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। পরে এই মামলায় ডনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।
সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামিও করা হয় কয়েকজনকে।
যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, আলোচিত বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।
এর আগে, গত বছর ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সালমান শাহর মৃত্যুর পর প্রায় ২৯ বছর যাবত রমনা থানার অপমৃত্যু মামলার তদন্ত হয়। পুলিশের সব সংস্থাই একের পর এক তদন্ত করে। প্রতিবারই সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে এসব তদন্তে উল্লেখ করা হয়। এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে থাকে বাদী পক্ষ।
উল্লেখ্য, রমনা থানায় মামলা দায়ের হওয়ার পর গত বছর ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।