ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাকসু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার পৈতৃক বাড়িতে এ হামলা চালানো হয়। এর আগে তার ফুপুর বাড়িতেও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। মুসাদ্দিকের বাড়ি মনে করে প্রথমে তাঁর ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তার পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ কয়েক দিন ধরেই তার বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এতে আরও বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে দীর্ঘদিন ধরে গুম-হত্যা, দমন-পীড়ন, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের রাজনীতি করে আসছে। ডাকসুর একজন নির্বাচিত সম্পাদকের বাড়িতে অগ্নিসন্ত্রাস ও লুটপাটের ঘটনা সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত। হামলার পূর্বে দীর্ঘদিন ধরে হুমকি ও উসকানি দেওয়া এবং প্রশাসনকে অবহিত করার পরও এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগের গুটিকয়েক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে।
ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত হয়েছে। কিন্তু সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে ধারাবাহিকভাবে পুনরায় হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, যার প্রধান টার্গেট ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, বিশেষত জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতা। পরিকল্পিতভাবে ছাত্রসমাজের ওপর হামলা, পরিবার-পরিজনকে ভয়ভীতি প্রদর্শন এবং বসতভিটায় অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজের প্রতিরোধ অব্যাহত থাকবে।
রাজনৈতিক পরিচয় ধারণকারী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির দায়ে জঙ্গি আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে গোপালগঞ্জের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ডাকসু অবিলম্বে হামলায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একই সঙ্গে হামলার পূর্ববর্তী উসকানি ও হুমকির বিষয়টি তদন্ত করে এর নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার বিষয়টিও খতিয়ে দেখতে হবে।