হোম > সারা দেশ > ঢাকা

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে ধানমন্ডির এপেক্স গোডাউনের আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাংবাদিকদের ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান।

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘সকাল ১০টা ৫ মিনিটে পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত এপেক্সের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এখন গোডাউনের ভেতরে আর আগুনের শিখা নেই, ধোঁয়া রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে গোডাউনের লোকজন ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, তাঁরা প্রথমে বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে ধোঁয়া দেখতে পান।’

গোডাউনের কর্মীরা নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। তদন্তে তাঁদের দেওয়া তথ্যও যাচাই করা হবে বলে জানান মহাপরিচালক।

ক্ষয়ক্ষতি সম্পর্কে মুহাম্মদ জাহেদ কামাল বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন চতুর্থ তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি নয়।

এপেক্সের গোডাউনটির ফায়ার লাইসেন্স ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠানটি কয়েক মাস আগে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করেছিল। তবে ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।