হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে পুলিশ সদস্যের স্ত্রীর মৃতদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকার একটি বাসা থেকে লাবনী আক্তার লাবু (৩০) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, লাবনী আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছে। 

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ সবুজবাগ মাদারটেক চৌরাস্তা পাবনা গলি এলাকার পাঁচতলার বাসার দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

সবুজবাগ থানার (পরিদর্শক তদন্ত) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ কনস্টেবল অভিজিৎ বিশ্বাস তাঁর স্ত্রী লাবনীকে নিয়ে ওই বাসায় থাকতেন। পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

তিনি আরও বলেন, ‘অভিজিৎ ঢাকা জেলায় গেন্ডারিয়া (মিলব্যারাক) পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। স্ত্রী লাবনীর মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের বাড়ি মাদারীপুর থেকে রওনা দিয়েছেন।’ 

এদিকে ঢামেক হাসপাতালে আসা লাবনীর খালাতো ভাই নুর হোসেন অভিযোগ করে বলেন, ‘এক বছর আগে অভিজিৎ বিশ্বাস মুসলমান পরিচয় দিয়ে ফেসবুকে সম্পর্ক করেন লাবনীর সঙ্গে। পরে কোর্টে গিয়ে গোপনে বিয়ে করেন। এরপর প্রায় সময়ই নির্যাতন করতেন।’ 

তিনি বলেন, ‘লাবনীর এর আগে বিয়ে হয়েছিল। সেই ঘরে ১১ বছরের একটি মেয়ে আছে। মেয়েকে নিয়ে মাদারটেকের বাসায় ভাড়া থাকতেন। লাবনী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।’ 

নুর হোসেন বলেন, তাঁদের বাসাও মাদারটেক এলাকায়। গতকাল শুক্রবার লাবনীর খালা হাসিনা বেগম রাতে ফোন দিয়ে বাসায় আসতে বলেন। লাবনী তখন বলেন, স্বামী তাঁকে মারধর করছে। আজ বিকেলে সংবাদ পাই, লাবনী মারা গেছে। পুলিশের সহায়তায় লাবনীর বাসায় যাই। সে সময় ভেতর থেকে দরজা বন্ধ ছিল। চেয়ারে হাঁটু গেড়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ছিল।’ 

নুর হোসেনের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার পর নির্যাতন বেড়ে গিয়েছিল। সন্তান নষ্ট করতে চাপ দেওয়া হতো, তা না করলে ডিভোর্সের হুমকি দিতেন অভিজিৎ। তিনি বলেন, ‘আমার বোন আত্মহত্যা করে নাই। তাকে মেরে ফেলেছে। আমার বোন হত্যার বিচার চাই। সে পুলিশের লোক বলে কি আমরা বিচার পাব না! আমি জানি আইন সবার জন্য সমান। এর সুষ্ঠু তদন্ত যেন হয়।’ 

লাবনী খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের আবুল বাশারের মেয়ে।

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত