হোম > সারা দেশ > ঢাকা

স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন হবে চলতি অর্থবছরেই: শাহে আলম

সাভার(ঢাকা) প্রতিনিধি

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ পাঁচ নির্বাচনের মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।

মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে এর মাঝেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনেও কাজ করা হচ্ছে।

ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে জানান শাহে আলম। তিনি বলেন, দেশের যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

মীর শাহে আলম আরও জানান, আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।