হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার সাবেক উপ প্রেসসচিব শাখাওয়াত মুনকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

আজকের পত্রিকা ডেস্ক­

শাখাওয়াত মুন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেসসচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। এতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাঁকে থাপ্পড় দেন।

ভিডিওতে আরও দেখা যায়, শাখাওয়াতের কাছে নাম জানতে চান ছাত্রদল নেতা মোতাহার হোসেন। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাঁকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।