জামায়াতে ইসলামীর এক কর্মীকে আওয়ামী লীগের কর্মী ‘ট্যাগ’ দিয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে নেতা–কর্মীরা কেরানীগঞ্জের দুই থানায় স্মারকলিপি দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘প্রশাসনের মাধ্যমে জামায়াতের নেতা–কর্মীদের আওয়ামী লীগের ‘ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।’ তিনি জামায়াত কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির সমালোচনা করে দেলোয়ার হোসাইন বলেন, ‘জনগণ আর তাদের চায় না এবং তাদের আমলনামা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।’ তিনি বিএনপিকে দ্রুত সব অপকর্ম থেকে বের হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। অন্যথায় জনগণ আওয়ামী লীগের মতো তাদেরও বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জেলা জামায়াতের আমির।
কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের আমির আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহীনুর ইসলামসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।