ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় যানবাহনের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আরএফআইডি-ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) চীনা প্রতিনিধিদলকে অনুরোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সেতু ভবনে আজ বুধবার এফডিইই-এর চীনা প্রতিনিধিদলের সঙ্গে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রকল্পের অর্থায়ন, নির্মাণকাজের অগ্রগতি এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে প্রকল্পের অর্থায়নের অগ্রগতি জানতে চাইলে চীনা প্রতিনিধিদল জানায়, অর্থায়ন দ্রুত চূড়ান্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে তারা কাজ করছে। এরই মধ্যে বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শ্যানডং প্রদেশের শীর্ষস্থানীয় দুটি ব্যাংক প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জ পার্কসংলগ্ন আপ-র্যাম্পের নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশনা দেন সেতু বিভাগের সচিব। একই সঙ্গে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চীনা প্রতিনিধিদলসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
সেতু বিভাগের সচিব বলেন, প্রকল্পের সুফল ঢাকাবাসীর কাছে দ্রুত পৌঁছাতে হলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। কাজের গতি বাড়াতে প্রকল্প এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের নির্দেশ দেন তিনি। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও পরিচালনাগত সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বিস্তৃত। মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ওঠানামার সংযোগকারী র্যাম্পসহ প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।
বৈঠকে প্রকল্পের অবশিষ্ট কাজ সময়মতো শেষ করতে একটি সুস্পষ্ট ও সময়ভিত্তিক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি নির্মাণকাজ চলাকালে প্রকল্প এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও এফডিইই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।