রাজধানীর বংশালের নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নামে তৈরি প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বংশাল থানাধীন নবাবপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এসআরবি-১০ ও লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসআরবি জানায়, অভিযানে নবাবপুর এলাকার একটি কারখানায় বিআরবি, বিজলী, আরআর ক্যাবলসসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে উৎপাদিত নকল বৈদ্যুতিক তার পাওয়া যায়। পরে প্রায় ১০ লাখ টাকা মূল্যের এসব তার জব্দ করা হয়। একই সঙ্গে তার উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম ও কাঁচামালও জব্দ করা হয়েছে।
অভিযানে নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িত থাকায় আশরাফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসআরবি জানিয়েছে, নকল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নকল পণ্য নির্মূল ও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।