হোম > সারা দেশ > ঢাকা

হত্যা করে সুমার ফোন থেকে স্বজনদের কল, অবশেষে গ্রেপ্তার স্বামী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী সুমা আক্তারকে (২৪) হত্যায় জড়িত সাবেক স্বামী সাইফুল হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: সংগৃহীত

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী সুমা আক্তারকে (২৪) হত্যার পর তারই মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কল করে মরদেহ ভাড়া বাসায় রেখে যাওয়ার কথা জানান সাবেক স্বামী সাইফুল হাওলাদার (৩০)। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর চট্টগ্রামের পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১০ জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টায় ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারকে সাইফুল হাওলাদার জানায় যে, ভিকটিমকে হত্যা করে তার মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরেরবাগ এলাকায় ভিকটিমের ভাড়া বাড়ির ভেতরে রেখে গেছে।

এসআরবি জানায়, এ ঘটনায় মামলা হলে গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১০ ও এসআরবি-৭-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমা আক্তারের সঙ্গে সাইফুল হাওলাদারের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইফুল স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের ৯ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পর সুমা দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি একটি কারখানায় চাকরি করতেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সুমার মোবাইল ফোন থেকে তার পরিবারের সদস্যদের কল করেন সাইফুল। ফোনে তিনি জানান, সুমাকে হত্যা করে তার ভাড়া বাসায় মরদেহ রেখে গেছেন। এ কথা শুনে পরিবারের সদস্যরা দ্রুত সুমার ভাড়া বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সুমার মা বাদী হয়ে সাইফুল হাওলাদারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১০। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুলের অবস্থান শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১০ ও এসআরবি-৭-এর সদস্যরা গতকাল রাতে চট্টগ্রামের পতেঙ্গার চরপাড়া লাইটারঘাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর সাইফুলকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।