হোম > সারা দেশ > ঢাকা

ঋণ সমন্বয়ের নামে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুই আসামির জামিনে হতাশ বাদী

আশরাফ-উল-আলম, ঢাকা 

ফাইল ছবি

একজন নারী উদ্যোক্তার ৮০ কোটি ২৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের মামলায় দুই আসামিকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। এতে হতাশা প্রকাশ করেছে বাদীপক্ষ। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই জামিন দেন।

যাদের জামিন দেওয়া হয়েছে, তাঁরা হলেন মো. মেসবাহউদ্দীন ও মো. শওকত আলী।

বাদীর আইনজীবী রাজু এইচ পলাশ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আসামিরা বাদীর চেক ও লেনদেন সংক্রান্ত বিষয়ে আপস করবেন বলে আদালতকে লিখিতভাবে জানান। আদালত আগামী ২৭ তারিখ আপসের শর্তে জামিন দিয়েছেন।

আইনজীবী বলেন, এত টাকা আত্মসাতের মামলায় কিছু টাকা পরিশোধ না করলে সাধারণত আদালত জামিন দেন না। শুধু আপস করবেন বলে লিখিত গ্রহণ করে জামিন দিয়েছেন। এতে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

আইনজীবী আরও বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। এদের পেছনে আরও অনেকে আছে। শুধু জনকণ্ঠ গ্রুপ থেকে ৮০ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাৎকৃত টাকার একটি বড় অংশ তারা কানাডা ও মালয়েশিয়ায় পাচার করেছেন বলেও জানা গেছে। এদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজ ও রাষ্ট্রের জন্য এরা বড় হুমকি হয়ে দাঁড়াবে। সুশাসন ও ন্যায়বিচারের জন্যই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। অথচ এত টাকা আত্মসাতের মামলায় আদালত সহজেই জামিন দিয়ে দিয়েছেন। প্রভাবিত হয়ে এই জামিন দেওয়া হয়েছে বলে আইনজীবী মনে করেন।

এই মামলার বাদী হলেন— শামীমা এ খান ওরফে শামীমা আতিকুল্লাহ খান। তিনি গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার গ্রুপের চেয়ারম্যান। তিনি মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের স্ত্রী।

মামলার আসামিরা হলেন— রাজিয়া রহমান ওরফে বৃষ্টি, মো. মেসবাহউদ্দীন, মো. শওকত আলী ও মনোয়ারা বেগম ওরফে মনোয়ারা রিয়াজ।

গত ২৮ জানুয়ারি বাদী আদালতে এই মামলার আবেদন করেন। আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সমন ইস্যু করেন এবং ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতের নোটিশ পেয়েও আসামিরা হাজির না হলে ১৬ মার্চ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামি রাজিয়া রহমান ওরফে বৃষ্টি তাঁর ঘনিষ্ঠ বান্ধবী শাহীন রহমানের মেয়ে। তাঁরা আর্থিকভাবে অস্বচ্ছল ছিলেন। রাজিয়াকে ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন বাদী এবং পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতেন। দীর্ঘদিন অস্বচ্ছল রাজিয়াকে বিভিন্ন সময় আর্থিক সহায়তা করেছেন। একপর্যায়ে ২০২৪ সালের ৩ নভেম্বর রাজিয়াকে প্রতিষ্ঠানের ‘চিফ বিজনেস অফিসার’ পদে নিয়োগ দেন। প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সম্পূর্ণ আস্থার সঙ্গে যুক্ত করেন। যাতায়াতের জন্য গাড়ি দেন। বিয়ের সম্পূর্ণ ব্যয় বহন করে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার দেন।

স্বামী আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুর পর পারিবারিক ব্যবসার কিছু ব্যাংক ঋণ নিয়ে জটিল অবস্থায় পড়েন শামীমা আতিকুল্লাহ খান। এই সুযোগে নিজেকে অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন রাজিয়া। তিনি দাবি করেন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। রাজিয়া ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন ও সমন্বয়কের দায়িত্ব নিজের হাতে নেন। তাঁর প্ররোচনায় শামীমা আতিকুল্লাহ খান বনানী শাখার পূবালী ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট (হিসাব) খোলেন। রাজিয়াকে ওই হিসাবের নমিনি করা হয়।

একপর্যায়ে বাদী জমি বিক্রি এবং অন্যান্য উৎস থেকে মোট ৮০ কোটি ২৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা ব্যাংক ঋণ সমন্বয়ের উদ্দেশ্যে যোগাড় করেন। রাজিয়া রহমান ও তাঁর সহযোগীরা ব্যাংকের মাধ্যমে ঋণ সমন্বয়ের আশ্বাস দিয়ে শামীমার কাছ থেকে ওই অর্থ ও আর্থিক নথিপত্র নিজেদের দখলে নেন। গত বছরের ১ ফেব্রুয়ারি রাজিয়া অন্যান্য আসামিদের সঙ্গে নিয়ে মোট ৫৪টি ব্যাংক চেক বাদীর কাছ থেকে নেন। বাদী সরল বিশ্বাসে টাকার অংক উল্লেখ না করেই চেকগুলো আসামিদের দেন।

রাজিয়া ও অন্যরা পরস্পর যোগসাজশে পুরো টাকাই ব্যাংক থেকে নিয়ে আত্মসাৎ করেন। অপরদিকে শামীমা দীর্ঘদিন ধরে রাজিয়ার কাছ থেকে আশ্বাস পেতে থাকেন যে ব্যাংক ঋণ সমন্বয়ের কাজ চলমান এবং সমস্ত অর্থ সে উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বাদী জানতে পারেন, ব্যাংক ঋণ সমন্বয়ের জন্য কোনো অর্থ জমা দেওয়া হয়নি। বরং ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাংক শামীমা ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে একাধিক মামলা করেছে।

পরবর্তীতে শামীমা ব‍্যাংক থেকে হিসাবের বিস্তারিত বিবরণ সংগ্রহ করে দেখতে পান তাঁর স্বাক্ষর করা চেকগুলোতে টাকার অংক ও তারিখ বসিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে এবং তা রাজিয়াসহ অন্যদের বিভিন্ন ব‍্যাংক হিসাবে (অ্যাকাউন্টে) স্থানান্তর করা হয়েছে।

শামীমা টাকা ও চেক ফেরত চাইলে রাজিয়াসহ অন্যরা যোগাযোগ এড়িয়ে যেতে শুরু করেন। অফিসে আসা বন্ধ করে দেন।

মামলার বাদী শামীমা এ খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণামূলকভাবে আসামিরা আমার ৮০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। যার সুস্পষ্ট দালিলিক প্রমাণও আমি আদালতে দিয়েছি। আমি মামলা করেছি। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। এত টাকা আত্মসাতের মামলায় জামিন দেওয়ায় আমি হতাশ হয়েছি। এত বড় অংকের টাকা আত্মসাতের মামলায় জামিন পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। আমি দেশের একজন প্রবীণ নাগরিক এবং একটি জাতীয় পত্রিকার সম্পাদক। আমি খুবই হতাশ হয়েছি। আমি ন্যায়বিচার পাব কিনা তা নিয়ে সংশয়ে আছি।’

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৫ বার

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

তেল পেতে পাম্পে দীর্ঘ সারি—ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলদারদের সতর্ক করল পুলিশ-ম্যাজিস্ট্রেট

যাত্রাবাড়ীতে সড়ক দখলমুক্ত করতে কয়েক শ হকার উচ্ছেদ‎

রাজধানীতে অটোরিকশায় পিকআপের ধাক্কা, পড়ে যাওয়া ব্যক্তিকে আবার থেঁতলে হত্যা

উচ্ছেদ অভিযানের খবরে বন্ধ ফার্মগেটের ফুটপাতের অধিকাংশ দোকান

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে এক মাসে বাতিল ৮৯৪টি ফ্লাইট