হোম > সারা দেশ > ঢাকা

জালিয়াতি ও ছদ্মনামে চাকরি: বিজিবির অবসরপ্রাপ্ত সিপাহি আকবরের ১৩ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

জাল-জালিয়াতির মাধ্যমে ছদ্মনামে ৩৮ বছর চাকরি করার অপরাধে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) অবসরপ্রাপ্ত সিপাহি আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই রায় দিয়েছেন।

দণ্ডবিধির চারটি ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আকবর আলীকে এই কারাদণ্ড দেওয়া হয়। চারটি ধারায় তাঁকে ভিন্ন ভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ২ বছর ২ মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রায়ে বলা হয়েছে, ছদ্মনাম ব্যবহার করে সিপাহি পদে চাকরিকালে তাঁর উত্তোলিত বেতন-ভাতা সুদসহ হিসাব করে তাঁর সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। আর এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য তাঁর স্থাবর ও অস্থাবর যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এ কারণে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি মো. আকবর আলী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহি।

১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহি পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মো. মহিরউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও চৌহালী উপজেলার রেহাই কাউলিয়া গ্রামের মো. আকবর আলী। সে সময় জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্বের সনদ জমা দিয়ে চাকরির জন্য নির্বাচিত হন, কিন্তু পারিবারিক কারণে তিনি যোগদান করেননি। অন্যদিকে আকবর আলী নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন।

জাহাঙ্গীর আলমের যোগদান না করার সুযোগটি কাজে লাগিয়ে আকবর আলী তাঁর অগোচরে জাহাঙ্গীর আলমের নাম, বাবার নাম, ঠিকানা ও সনদপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরের (বর্তমানে বিজিবি) সিপাহি পদে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ মে তিনি চাকরি থেকে অবসর নেন।

চাকরিকালে আকবর আলী চাকরিস্থলে তাঁর ঠিকানা পরিবর্তন করেন। ঠিকানা পরিবর্তনের আবেদনে তিনি উল্লেখ করেন তাঁর গ্রামের বাড়ি নদীভাঙনে বিলীন হয়েছে। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, ওই গ্রাম বিলীন হয়নি। দুদক অনুসন্ধানে আরও জানতে পারে, যে জাহাঙ্গীর আলম নাম ধারণ করে আকবর আলী চাকরি করেন, সেই জাহাঙ্গীর আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, আকবর আলী তাঁর বিয়ের কাবিননামায়ও জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করে বিয়ে করেছেন।

আসামি আকবর আলী ভুয়া পরিচয়ে বিডিআরে চাকরির বিষয়টি জানার পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৭ জুন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেন।