রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জের ধরে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
আটক স্বামী রুবেল মিয়ার দাবি, তিনি নিজেই রাগে স্ত্রী স্বপ্নার গলা টিপে ধরেছিলেন। তবে মারা যাবে বুঝতে পারেননি।
পুলিশ জানায়, নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন। এই দম্পতির তাদের ঘরে দুই সন্তান রয়েছে। কিছুদিন আগে দুই সন্তানকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তারা।
আটক রুবেল মিয়া ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। তবে ওই ঘটনার জেরে রোববার সকালে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বামী রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলা চেপে ধরেন, এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়।