হোম > সারা দেশ > ঢাকা

লাইব্রেরিয়ানের বেতন দিতে সরকারের কাছে দাবি গ্রন্থাগার প্রতিনিধিদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গতকাল শনিবার পুরান ঢাকার লালবাগের গ্রন্থ বিতান পাঠাগারে সভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

সরকারের কাছে লাইব্রেরিয়ানের বেতন বাবদ একটি অর্থ অনুদানের আহ্বান জানিয়েছেন দেশের বেসরকারি গ্রন্থাগারগুলোর প্রতিনিধিরা। বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় কার্যনির্বাহী পরিষদের সভায় সরকারের কাছে এই আহ্বান জানান তাঁরা।

গতকাল শনিবার পুরান ঢাকার লালবাগের গ্রন্থ বিতান পাঠাগারে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বুলবুলের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা বেসরকারি লাইব্রেরিগুলো পরিচালনার সংকট, পাঠককে লাইব্রেরিমুখী করা, জনবলদের বেতন ভাতা দেওয়াসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনার শুরুতে বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনায় সভাপতি উপস্থিত সদস্যদের বক্তব্য আহ্বান করলে সংগঠনটির বিভিন্ন বিভাগ ও জেলার প্রতিনিধিরা সংগঠনকে কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

আলোচকেরা গ্রন্থাগার পরিচালনা ও উন্নয়নে সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করার জন্য পরামর্শ দেন।

বেসরকারি গ্রন্থাগার উন্নয়নে সভায় উল্লেখিত উল্লেখযোগ্য দাবিগুলো হলো— গ্রন্থাগারের জন্য সরকার প্রদত্ত অনুদান বৃদ্ধির পাশাপাশি লাইব্রেরিয়ান বেতন বাবদ প্রতি মাসে দশ হাজার টাকা দিতে হবে। সরকারের গঠিত রিডিং সোসাইটির কমিটিতে সর্বস্তরে গ্রন্থাগার প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি জাতীয় গ্রন্থাগার দিবসসহ গ্রন্থাগার বিষয়ক বিভিন্ন সরকারি কর্মসূচিতে গ্রন্থাগার ও গ্রন্থাগারগুলোর পাঠকদের অংশগ্রহণ নিশ্চিত করা।