হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে নাশকতা করে এসে ঢাকায় প্রস্তুতি, যুবলীগের ৩ জন গ্রেপ্তার: এসআরবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। আজ মঙ্গলবার ভোররাতে মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-২।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে এসে তাঁরা মোহাম্মদপুরে নাশকতা করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে এসআরবি-২। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি। গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)। তাঁরা তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা।

এসআরবি আরও জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপালগঞ্জে নাশকতায় জড়িত তিন ব্যক্তি মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অবস্থান করছেন। তাঁরা ওই এলাকার বাসিন্দা নন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি আরও জানায়, প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেপ্তার তিনজনই যুবলীগের সদস্য বলে জানা গেছে। তাঁদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি। তিনি আওয়ামী লীগের যাত্রাবাড়ী এলাকার ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কও ছিলেন। একাধিক নাশকতার মামলার আসামি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে এসআরবি।

সংস্থাটি আরও জানায়, কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে পুলিশের অপরাধী তথ্য যাচাই (পিসিপিআর) অনুযায়ী দুটি মামলা রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।