জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় রোড শো ও সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল।
আজ বৃহস্পতিবার ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্ল্যাকার্ড প্রদর্শন, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
সায়েদাবাদ বাস টার্মিনালের হুজুরবাড়ি গেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরীসহ সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।