প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
আজ সোমবার পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করেও ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছিল। এসব আইডির মাধ্যমে অপপ্রচার চালানো এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করা হচ্ছিল বলে পুলিশের অভিযোগ।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা জানান, কারকান রানা আরও অনেক ব্যক্তির নাম ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ তৈরি করেছিলেন। এসব আইডি ও পেজের কার্যক্রম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তথ্যও তদন্ত করা হচ্ছে।
অভিযোগ পাওয়ার পর ভুয়া আইডিগুলোর তথ্য ও প্রযুক্তিগত বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম। পরে গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে কারকান রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার কারকান রানাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।