কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাজার মূলত প্রবাসী ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ বলে জানিয়েছেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেছেন, বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বড় বাজার থাকলেও এসব পণ্যের রপ্তানি মূলত প্রবাসী ও নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ। তাই আন্তর্জাতিক মূলধারার সরবরাহব্যবস্থায় প্রবেশের জন্য প্রয়োজনীয় মান ও ফাইটোস্যানিটারি শর্ত পূরণে আরও সক্ষমতা তৈরি করতে হবে। পাশাপাশি শুধু একটি বা দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নতুন রপ্তানিকারক প্রতিষ্ঠান তৈরি করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের রপ্তানি ঝুঁকি কমাতে পণ্য ও গন্তব্য উভয় ক্ষেত্রেই রপ্তানি ঝুড়ির বহুমুখীকরণ জরুরি। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় দেশের রপ্তানি আয় একটি নির্দিষ্ট পর্যায়ে আটকে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন পণ্য ও নতুন বাজার অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল প্রমুখ।