হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ রয়েছে। পরে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফটের কর্মকর্তারা নজরদারি জোরদার করেন।
ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজনদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে আজমল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাত যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
একই আন্তর্জাতিক ফ্লাইটে আসা একাধিক যাত্রীর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মদ উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
আটক মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।