হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে বাড়ির তিনতলা থেকে পড়ে যুবকের মৃত্যু, চুরির উদ্দেশ্যে কার্নিশে ওঠার অভিযোগ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবন থেকে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কার্নিশ বেয়ে চুরি করতে উঠেছিলেন বলে ধারণা করছে পুলিশ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর মাদবর বাজার এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, নিহতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামে। কামরাঙ্গীরচর পাকাপোল এলাকায় থাকতেন তিনি। বাবার নাম মো. শাহজাহান।

এসআই আরও জানান, হৃদয় নামে ওই যুবক আজ ভোরে মাদবর বাজার এলাকার একটি তিনতলা বাড়ির কার্নিশ বেয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে বাড়িটিতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি অটোরিকশা চালাতেন। তবে মাদকাসক্ত ছিলেন। গতকাল শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।