হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে ৩৯৭ গ্রাম স্বর্ণসহ ৩ জন আটক

বিশেষ প্রতিনিধি, ঢাকা

চোরাচালানের অভিযোগে এপিবিএনের হাতে আটক তিন ব্যক্তি। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২২ ক্যারেটের বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বাংলাদেশে আনা হয়েছে। এগুলো চোরাচালানের উদ্দেশে আনা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে এপিবিএন।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশে স্বর্ণ দেশে এনে নিজ হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।